টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও সাংগঠনিক ব্যক্তিত্ব শেকানুল ইসলাম শাহীর ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুচি পাঠচক্র ও পাঠাগার এ শুভেচ্ছা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় টঙ্গীর শুচি পাঠচক্র ও পাঠাগারে উন্মুক্ত থিয়েটার এবং শুচি পাঠচক্র ও পাঠাগারের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুচি পাঠচক্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা অভিনয়শিল্পী শাহজাহান শোভন এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও কথামালা উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সংগঠনটির সাবেক সভাপতি আবৃত্তি ও অভিনয়শিল্পী মোস্তফা কামাল বাদল, নিজামউদ্দিন, আবৃত্তি ও অভিনয়শিল্পী মোকসেদ মিলন, বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, শুচি পাঠচক্র ও পাঠাগারের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি আতিক শাহরিয়ার, টঙ্গী সরকারি কলেজের সাংস্কৃতিক শিক্ষক আজিজ টিপু, সুজন (সুশাসনের জন্য নাগরিক) গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, অভিনয়শিল্পী তামান্না ইসলাম, আবৃত্তিশিল্পী মেহজাবীন মিতালী ও সিফাত বন্যা। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য ও শুভেচ্ছা জানান নাট্যকর্মী হাবিবুর রহমান, আতিক মুসাফির, মনজিল হাসান, মারুফ মারফি, কবি ফুয়াদ সরকার,শিক্ষক ও কবি আলাল সরকার, টুটুল বাঙালীসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে বক্তারা শেকানুল ইসলাম শাহীর দীর্ঘ সাংস্কৃতিক জীবন, অভিনয়, নাট্যচর্চা ও সাংগঠনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং সাংস্কৃতিক অঙ্গনে আরও অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। শুভেচ্ছা প্রদান পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।