বিনোদন ডেস্ক:: সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও গীতিকার মহসিন মেহেদীর দাম্পত্যজীবনের অবসান ঘটেছে। পাঁচ বছরের সংসারজীবনের ইতি টেনে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন ন্যান্সি। তাঁদের ঘনিষ্ঠজনেরাও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইংরেজিতে দেওয়া ওই পোস্টে ন্যান্সি জানান, পারস্পরিক সিদ্ধান্তেই তাঁরা আলাদা হওয়ার পথে হাঁটছেন। একসময় যে পথচলা তাঁদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতা সঙ্গে নিয়েই এখন থেকে আলাদা পথে এগিয়ে যাবেন তাঁরা। বিচ্ছেদের এই সময়ে তাঁদের নিয়ে উদ্বিগ্ন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ন্যান্সি। একই সঙ্গে তাঁদের সিদ্ধান্তকে সম্মান জানানো এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
ন্যান্সি লিখেছেন, জীবন নিজস্ব নিয়মে এগিয়ে চলে। শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান তাঁরা। সবশেষে পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান এই সংগীতশিল্পী।
২০২১ সালের আগস্টের শেষ সপ্তাহে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। একই বছরের ২ সেপ্টেম্বর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গানের সূত্রেই মহসিনের সঙ্গে পরিচয় হয়েছিল ন্যান্সির।
এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন ন্যান্সি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। সেই সংসারও টেকেনি। মহসিন মেহেদীর সঙ্গে এটি ছিল তাঁর তৃতীয় বিয়ে। এবার পাঁচ বছরের সেই সম্পর্কেরও ইতি টানার ঘোষণা দিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।