স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের উত্তাপ কমেনি। আগের দিনের বিক্ষোভ, সংঘর্ষ ও কারখানা বন্ধের ঘটনার পর বৃহস্পতিবারও (২৬ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেছেন শ্রমিক ও বিক্ষুব্ধ ব্যক্তিরা। সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় একটি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। এ ছাড়া গাজীপুর চৌরাস্তা, সাইনবোর্ড ও মালেকের বাড়ি এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা করা হয়। পুলিশের তৎপরতায় অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একই সময়ে চৌরাস্তা, সাইনবোর্ড ও মালেকের বাড়ি এলাকায়ও সড়ক অবরোধের চেষ্টা হলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। বর্তমানে এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের শিল্প এলাকায় বেশ কিছু পোশাক কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীরচালা ও কেওয়াসহ বিভিন্ন এলাকার বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমে প্রভাব পড়েছে।
অন্যদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। শ্রমিকদের চলাচল, কারখানার ফটক এবং মহাসড়কের পরিস্থিতির ওপর নজরদারি জোরদার করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের নর্থ জোনের সহকারী কমিশনার মোহাম্মদ শহিদুল আলম শহীদ জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। মহাসড়কে নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শ্রমিকদের মজুরি-সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে কয়েক দিন ধরে অস্থিরতা চলছে। গত বুধবার বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ, সংঘর্ষ ও কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবারও নতুন করে অবরোধের চেষ্টা এবং কারখানায় ছুটি ঘোষণায় শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।