November 18, 2026, 2:07 pm

জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে গাকৃবিতে আন্তর্জাতিক সেমিনার

Reporter Name
  • আপডেট Wednesday, November 18, 2026
  • 1 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি ও প্রতিবেশব্যবস্থার সহনশীলতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সম্মেলন কক্ষে ‘ফ্রম ক্লাইমেট ইনভেস্টমেন্ট টু সাসটেইন্ড রেজিলিয়েন্স : লেসনস ফ্রম ইফাদ এক্সপেরিয়েন্স’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) ইন্ডিপেনডেন্ট অফিস অব ইভ্যালুয়েশনের (আইওই) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
আলোচক হিসেবে বক্তব্য দেন আইওই-ইফাদের পরিচালক ড. ইদ্রান নাইডু এবং একই প্রতিষ্ঠানের সেকশন প্রধান ড. কুয়েসি ম্যাক্সিমিন কাজা। এ ছাড়া উপস্থিত ছিলেন ইফাদের বাংলাদেশ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের কান্ট্রি ডিরেক্টর ও রিপ্রেজেন্টেটিভ ড. আর. ভ্যালেন্টাইন আচানচা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও পিএইচডি গবেষকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। তিনি আইওই-ইফাদের মূল্যায়ন দলের জিআইএস কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও অবকাঠামোগত অগ্রযাত্রা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষি গবেষণার ভূমিকা, বিশ্ববিদ্যালয়ের গবেষণাসক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা গুরুত্ব পায়। এ সময় ড. কুয়েসি ম্যাক্সিমিন কাজা জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং তা মোকাবিলায় আন্তর্জাতিক অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জলবায়ু সহনশীলতা অর্জনে কার্যকর উদ্যোগ, উদ্ভাবনী সমাধান এবং নীতিনির্ধারণী সিদ্ধান্তের সঙ্গে বাস্তব কর্মপরিকল্পনার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে ড. ইদ্রান নাইডু আইওইর কার্যপরিধি, মূল্যায়নের বহুমাত্রিক পদ্ধতি এবং উন্নয়ন কার্যক্রমের ফলাফল পর্যালোচনার বিভিন্ন দিক ব্যাখ্যা করেন। জলবায়ু ও কৃষি উন্নয়নসংক্রান্ত প্রকল্পের কার্যকারিতা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে স্বাধীন মূল্যায়নের গুরুত্ব তুলে ধরেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকট নয়, এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, জীবিকা ও মানবসভ্যতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন বিজ্ঞানভিত্তিক গবেষণা, কার্যকর বিনিয়োগ এবং গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগ। ইফাদের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সহযোগিতা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি ও সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।’
সেমিনারের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষক, গবেষক ও পিএইচডি শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, কৃষি গবেষণা, প্রকল্প মূল্যায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচকদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজকদের মতে, এ সেমিনারের মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও ইফাদের মধ্যে গবেষণা, জ্ঞান বিনিময় এবং জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর