November 18, 2026, 12:44 am

গাজীপুরের ১৬ নম্বর ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা

Reporter Name
  • আপডেট Tuesday, November 17, 2026
  • 5 জন দেখেছে

মোঃ আবু সাঈদ চৌধুরীঃ  গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বারবৈকা এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নির্মাণপদ্ধতি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রকল্পের কাজের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বারবৈকা এলাকার ফারিস্তা রেস্টুরেন্টের পেছনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এলাকায় বর্তমানে রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে নির্মাণকাজে অনুমোদিত নকশা ও নির্ধারিত মান অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী
স্থানীয়দের অভিযোগ, ড্রেনটি আরসিসি ঢালাই পদ্ধতিতে নির্মাণের কথা থাকলেও সেখানে প্রায় ১০ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে কাজ করা হচ্ছে। পাশাপাশি ড্রেন নির্মাণে ব্যবহৃত ইটের মান নিয়েও অসন্তোষ রয়েছে তাঁদের। অভিযোগ অনুযায়ী, কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে।
এলাকাবাসীর আশঙ্কা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন হওয়ায় ওই এলাকায় ভারী যানবাহনের চলাচল ও আশপাশের পরিবেশগত চাপের কারণে ড্রেনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। ফলে যথাযথ নির্মাণপদ্ধতি ও মানসম্মত সামগ্রী ব্যবহার না করা হলে ভবিষ্যতে ড্রেনটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে জনদুর্ভোগের পাশাপাশি সরকারি অর্থের অপচয়ও হতে পারে।
এ অবস্থায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে এলাকাবাসীর দাবি, দ্রুত সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করে একটি নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে প্রকল্পের অনুমোদিত নকশা, বরাদ্দ, কাজের পরিমাপ এবং ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাই করা হোক। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তাঁরা।
সচেতন এলাকাবাসী বলেন, “আমরা এলাকার উন্নয়ন চাই, তবে নিম্নমানের উন্নয়ন চাই না। জনগণের কষ্টার্জিত করের টাকায় নির্মিত অবকাঠামো যেন দীর্ঘস্থায়ী ও টেকসই হয়, সেটিই আমাদের প্রত্যাশা। কোনোভাবেই যেন সরকারি অর্থ অপচয় না হয়।”
এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং নির্মাণকাজের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করবেন।
তাঁদের প্রত্যাশা একটাই—জনগণের অর্থ জনগণের উন্নয়নে ব্যয় হোক, কোনো ধরনের অনিয়ম বা অবহেলার কারণে তা যেন অপচয় না হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর