শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতৃত্ব ও সভাপতির পদ নিয়ে নতুন করে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। সমিতির সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম জাহিদের দায়িত্ব পালন, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীল মিয়ার ভূমিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ নিয়ে সমিতির অভ্যন্তরে বিরোধের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা। অভিযোগ রয়েছে, সমিতির নির্বাচনে গোপন ভোটে নির্বাচিত সভাপতি তৌহিদুজ্জামান শিমুলকে পাশ কাটিয়ে জাহিদুল ইসলাম জাহিদ কীভাবে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তা নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
সমিতির বিরোধী পক্ষের দাবি, তৎকালীন সরকারের সময়ে নির্বাচন হওয়ার কথা থাকলেও গণঅভ্যুত্থানের কারণে তা অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি পদে তৌহিদুজ্জামান শিমুল ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তবে ফলাফল ঘোষণার ছয় দিন পর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মৌখিক আবেদনের ভিত্তিতে পুনরায় ভোট গণনা করা হয় এবং জাহিদুল ইসলাম জাহিদকে সভাপতি ঘোষণা করা হয় বলে অভিযোগ তাদের। এ ঘটনায় গোপন ভোটে নির্বাচিত সভাপতি তৌহিদুজ্জামান শিমুল আদালতের শরণাপন্ন হন। তাঁর দাবি, আদালত প্রাথমিকভাবে প্রমাণাদি পর্যালোচনা করে ছয় মাসের জন্য সভাপতির দায়িত্ব পালনের ওপর স্থগিতাদেশ (স্টে অর্ডার) জারি করেছেন।
এ বিষয়ে তৌহিদুজ্জামান শিমুল বলেন, আমি নির্বাচনে ২৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছি। প্রধান নির্বাচন কমিশনারও আমাকে লিখিতভাবে নির্বাচিত ঘোষণা করেছেন। সভাপতির পদ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু সংগঠন ও স্থানীয় কিছু লোকের চাপে আমি স্বাক্ষর করতে বাধ্য হয়েছি। কারণ, আমি ব্যবসা-বাণিজ্য করতে পারছি না, এমনকি মিলগেটেও যেতে পারছি না।
এদিকে, আদালতের আদেশ, সমঝোতা স্মারকে স্বাক্ষর এবং মামলা প্রত্যাহার নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও সংবাদ সম্মেলনের ঘটনা ঘটেছে।ইউসুফ ও শাহাদাতের পক্ষের দাবি, জাহিদুল ইসলাম জাহিদ এখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে জাহিদুল ইসলাম জাহিদ (বাবু) অভিযোগ করেছেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও আর্থিক অস্বচ্ছতার কারণে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কৃত (ইউসুফ ও শাহাদাত) দুই নেতা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করে তাঁদের বহিষ্কারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন তারা। সাংগঠনিক সম্পাদক ইউসুফের দাবি, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলামসহ স্থানীয় কয়েকজন বিএনপি নেতা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে মিলে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। এমনকি স্থানীয় কিছু বিএনপি নেতা আর্থিক সুবিধার বিনিময়ে তাঁদের সহযোগিতা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, এ বিরোধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু বলেন, আমিও এই সংগঠনের একজন সদস্য। মতবিনিময় সভায় দাওয়াত পেয়ে উপস্থিত হয়েছিলাম। এই সংগঠনের কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে আমরা সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেব। এসব অভিযোগের বিষয়ে টঙ্গীর ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তার অফিসে গিয়ে চায়ের দাওয়াত দেন। নির্বাচনে ৩৭ ভোটে পিছিয়ে থেকেও সংগঠনের সভাপতি দাবিদার জাহিদুল ইসলাম জাহিদ বলেন , তার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, মিডিয়ার মাধ্যমে বিষয়টি আমি জানতে পেরেছি। কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাহলে মহানগর বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এটি একটি ব্যবসায়ী সংগঠন, এখানে বিএনপির অনেক নেতাকর্মী থাকতে পারেন। তবে কারও বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতৃত্বের বৈধতা, নির্বাচনী ফলাফল, আদালতের আদেশ, বহিষ্কার-পাল্টা বহিষ্কার এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিরোধ ক্রমেই জটিল আকার ধারণ করছে। সমিতির সাধারণ সদস্যদের প্রত্যাশা, সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনসম্মত সমাধানের মাধ্যমে সংগঠনে স্বচ্ছতা, জবাবদিহি এবং স্থিতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক।