November 16, 2026, 12:07 am

ওক রিজ বয়েজ’-এর কিংবদন্তি কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই

Reporter Name
  • আপডেট Sunday, November 15, 2026
  • 28 জন দেখেছে

বিনোদন ডেস্ক:: যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কান্ট্রি ও গসপেল সংগীত দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর কিংবদন্তি বেস ভোকালিস্ট রিচার্ড স্টারবান মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) টেনেসির হেন্ডারসনভিলে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার ও ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়াজনিত জটিলতায় তার মৃত্যু হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
১৯৪৩ সালে নিউ জার্সির ক্যামডেনে জন্মগ্রহণ করেন রিচার্ড স্টারবান। সংগীতজীবনের শুরুতে কিংবদন্তি শিল্পী এলভিস প্রিসলির ব্যাকআপ গায়ক হিসেবে কাজ করেছেন তিনি। পরে ১৯৭২ সালে সেই কাজ ছেড়ে গসপেল ও কান্ট্রি সংগীতের দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এ যোগ দেন।
দলটির জনপ্রিয় গান ‘এলভিরা’তে স্টারবানের গভীর বেস কণ্ঠ বিশেষভাবে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করে। ১৯৮১ সালে প্রকাশিত ‘এলভিরা’, ১৯৮২ সালের ‘ববি সু’ এবং ১৯৮৩ সালের ‘আমেরিকান মেড’ গানগুলোর সাফল্যে আশির দশকে ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এর মধ্যে ‘এলভিরা’ কান্ট্রি মিউজিক চার্টের শীর্ষস্থান দখলের পাশাপাশি বিলবোর্ডের হট ১০০ তালিকায় পঞ্চম অবস্থানে ছিল।
‘দ্য ওক রিজ বয়েজ’ পাঁচটি গ্র্যামি পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি ২৩ বার মনোনয়ন পেয়েছে দলটি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টের সামনে সংগীত পরিবেশনের পাশাপাশি ‘আমেরিকান ব্যান্ডস্ট্যান্ড’, গ্র্যামি অ্যাওয়ার্ডস ও ‘গ্র্যান্ড ওলে অপ্রি’র মঞ্চেও পারফর্ম করেছে তারা। জনি ক্যাশের সঙ্গে সফর করার পাশাপাশি পল সাইমনের জনপ্রিয় গান ‘স্লিপিন স্লাইডিন অ্যাওয়ে’তে ব্যাকআপ কণ্ঠও দিয়েছে দলটি।
সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৪ সালে ব্যান্ডের আরেক সদস্য জো বন্সালের সঙ্গে স্টারবানকে ফিলাডেলফিয়া মিউজিক হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। ২০০১ সালে তারা ভোকাল গ্রুপ হল অব ফেমে জায়গা পান। পরে ২০১১ সালে ‘গ্র্যান্ড ওলে অপ্রি’র সদস্য হন। ২০১৫ সালে স্টারবানসহ দলের অন্য তিন সদস্যকে কান্ট্রি মিউজিক হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।
কান্ট্রি মিউজিক হল অব ফেমের প্রধান নির্বাহী কাইল ইয়ং এক বিবৃতিতে বলেন, স্টারবান তার স্বতন্ত্র গভীর কণ্ঠের মাধ্যমে বাণিজ্যিক কান্ট্রি সংগীতের সঙ্গে গসপেল সংগীতের গভীর ঐতিহ্যের সংযোগ ঘটিয়েছেন। কান্ট্রি সংগীতের ইতিহাসে তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য ব্যক্তিত্ব।
২০২৫ সাল পর্যন্ত নিয়মিত দলের সঙ্গে সংগীত পরিবেশন করেছেন স্টারবান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মঞ্চ থেকে সরে দাঁড়ান তিনি। মৃত্যুকালে স্ত্রী ডোনা, দুই মেয়ে লরেন ও টোরি, তিন ছেলে রিচ, ডগ ও ক্রিস এবং ১১ জন নাতি-নাতনি ও পরবর্তী প্রজন্মের সন্তান রেখে গেছেন এই সংগীতশিল্পী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর