নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচপাড়া বেপারী বাড়ির কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ মতিউর রহমান মতি’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) টঙ্গীর বেপারী বাড়িতে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক অধ্যাপক বশির উদ্দিন, বিএনপির সাবেক নেতা সরকার শাহনুর ইসলাম রনি, টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মো. মেরাজ উদ্দিন, বেপারী বাড়ি জামে মসজিদের মুতাওয়াল্লি ও কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ মো. ইকবাল হোসেন বেপারী, আলহাজ মো. মুনিরুজ্জামান, আধ্যাত্মিক ব্যক্তিত্ব মো. শামীম বেপারী চিশতী, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও সাবেক থানা ছাত্রদলের আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয়, মো. সৈকত বেপারী, মো. নেয়ামত উল্লাহ ভূঁইয়া, মো. আইয়ুব আলী, নাজমুল হোসেন মুন্না, মো. সৈনিক ও মো. সোহাগ বেপারীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন উপস্থিত ব্যক্তিরা। এ সময় তারা মরহুম মতিউর রহমান মতির সামাজিক অবদান, পারিবারিক বন্ধন ও মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা স্মরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর অপূরণীয় ক্ষতির কথাও তুলে ধরেন তারা। অনুষ্ঠানে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয়। বেপারী বাড়ি জামে মসজিদের ইমাম আলহাজ মো. আলামিন মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। সময় রূপান্তর নিউজ ডেস্ক।