পটুয়াখালী (বাউফল) প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং পুলিশের বিশেষ সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে বাংলাদেশ পুলিশের প্রিডেইল প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। বাউফল থানার উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম।
সভায় ওসি সিরাজুল ইসলাম বলেন, নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতার শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানো পুলিশের অন্যতম দায়িত্ব। কোনো নারী বা কিশোরী নির্যাতন, হয়রানি কিংবা জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার হলে ভয় বা সংকোচ না করে পুলিশের সহায়তা নিতে হবে।
তিনি জানান, ভুক্তভোগীদের পরিচয় ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করে পুলিশ সার্ভিস ডেস্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘণ্টা সেবা দেওয়া হবে। এ সেবা গ্রহণের জন্য কাউকে কোনো অর্থ দিতে হবে না। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিজেদের এবং আশপাশের অন্যদের সচেতন করার আহ্বান জানান তিনি।
ওসি আরও জানান, বাউফল থানায় নারী ও কিশোরীদের জন্য বিশেষ পুলিশ সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। এ ডেস্কে সার্বক্ষণিক একজন নারী সহকারী উপপরিদর্শক (এএসআই) দায়িত্ব পালন করবেন। এর ফলে ভুক্তভোগীরা স্বাচ্ছন্দ্যে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন এবং প্রয়োজনীয় সহায়তা পাবেন।
সভায় উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, এএসআই লামিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াসউদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফরহাদ, ইউএনএফপিএ প্রতিনিধি কাওসারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মতবিনিময় সভায় নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, হয়রানি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পুলিশের সহায়তা নেওয়া এবং পুলিশ সার্ভিস ডেস্কের কার্যক্রম ও সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।