স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর গাছা থানার শরিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি কারখানায় সংঘবদ্ধভাবে ঢুকে মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়দের হাতে আটক নয়জনকে সহযোগীদের সহায়তায় ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন কারখানার মালিকপক্ষ। তবে ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের একজনকে আটক রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জমি ও ভবনের মালিকপক্ষের সদস্য মোঃ মোজাম্মেল হক। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে মোজাম্মেল হক জানান, শরিফপুর এলাকায় তাঁদের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি কারখানা পরিচালিত হতো। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম কোয়েল। ২০১৩ সালে উৎপাদন শুরু করা প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রায় চার বছর আগে বন্ধ হয়ে যায়।
অভিযোগে বলা হয়, কারখানাটি বন্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সেখানে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গাছা থানায় ইতোমধ্যে তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সর্বশেষ বুধবার রাতে আনুমানিক নয়জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ও কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন মালামাল বের করে একটি পিকআপ ভ্যানে তুলতে থাকে।
বিষয়টি জানতে পেরে আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীরা মালিকপক্ষকে খবর দেন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পিকআপভর্তি মালামালসহ নয়জনকে আটক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পুলিশে দেওয়ার প্রস্তুতি হিসেবে আটক ব্যক্তিদের কারখানার একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।
মোজাম্মেল হকের অভিযোগ, একপর্যায়ে তাঁরা বাইরে গেলে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি সেখানে এসে কক্ষের তালা কেটে আটক ব্যক্তিদের বের করে নিয়ে যায়। এ সময় তাঁদের একজনকে আটক করা সম্ভব হয়।
অভিযোগকারী জানান, আটক ব্যক্তিদের ছবি ও ভিডিও, কারখানা থেকে মালামাল বের করা এবং পিকআপে তোলার দৃশ্যসহ ঘটনার বিভিন্ন তথ্যপ্রমাণ তাঁদের কাছে রয়েছে। তদন্তের স্বার্থে এসব প্রমাণ পুলিশের কাছে সরবরাহ করা হবে। এ ছাড়া আগের চুরির ঘটনাগুলোর সঙ্গে সর্বশেষ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে গাছা থানার ওসি বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ ও ঘটনার প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।