নিজস্ব প্রতিবেদক:: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা, বোন ও সহযোদ্ধা। পূর্ণশক্তি নিয়ে আমরা নুসরাতদের পাশে আছি। গতকাল বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আবিদুল।
পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের সামগ্রিক শক্তি আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। আবিদুল লেখেন, ‘যাদের হাতে আমাদের হাজারো ভাইবোনের তাজা রক্ত, আমরা বেঁচে থাকতে এই মাটিতে সেই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবেই ফাংশন করতে দেব না।’ নুসরাতকে জুলাইয়ের কন্যা, নিজের বোন ও সহযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি। যেখানেই ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি পাবেন রুখে দাঁড়ান।’
ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট জননী’ আখ্যা দিয়ে আবিদুল বলেন, তিনি এ দেশের মাটি ও মানুষের কেউ নন। দেশের হাজারো মানুষকে হত্যার পরও তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, তারা আবারও রক্তের নেশায় মেতে উঠেছে।
পোস্টে দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান আবিদুল। একই সঙ্গে তিনি লেখেন, ‘খুনি হাসিনা ও তার ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে। সারা দেশে ফ্যাসিস্টবিরোধী শক্ত দুর্গ গড়ে তুলুন। খুনির দলের কাউকে এই মাটিতে পুনরুত্থিত হতে দেওয়া হবে না।’