স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের ধারাবাহিকতায় এবার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভিসির সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ পিপিএম। বুধবার (১১ নভেম্বর) আইইউটি ক্যাম্পাসে ভিসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্যাম্পাস ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।