বিনোদন ডেস্ক রিপোর্ট : নেশার ভয়াবহ পরিণতি ও পারিবারিক ট্র্যাজেডির গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সর্বনাশা জীবন’। আগামীকাল এফ এম এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
নাটকটির গল্পে উঠে এসেছে এক নেশাগ্রস্ত যুবকের করুণ পরিণতি। নেশার টাকা জোগাড় করতে গিয়ে সে গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে ধারদেনা করতে থাকে। একপর্যায়ে নেশার অর্থের জন্য নিজের স্ত্রীকেও একটি অসামাজিক স্থানে বিক্রি করে দেওয়ার মতো ভয়াবহ সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে ছেলের এই কর্মকাণ্ড নিজ চোখে দেখে ফেলেন তার মা। শেষ পর্যন্ত মায়ের হাতেই ওই যুবকের মৃত্যু ঘটে। নেশা কীভাবে একটি পরিবারকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে, সেই নির্মম বাস্তবতাই নাটকটির মূল উপজীব্য। নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান। এতে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত, ফারজানা নোভা, রেশমি আহমেদ, শফিক খান দিলু, ইমরান হাসু, সিনথিয়া খানসহ আরও অনেকে।
নাটকটির চিত্রগ্রহণে রয়েছেন কাওসার রাজিব খান। আবহ সংগীত পরিচালনা করেছেন সৌম্য সোহানুর। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন হৃদয় মুন্না। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে মেহেদী হাসান টিম। নাটকটির প্রযোজক মোঃ মেহেদী হাসান।
নেশার ভয়াবহতা, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরা ‘সর্বনাশা জীবন’ নাটকটি দর্শকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাটকটি দেখতে চোখ রাখুন আগামীকাল এফ এম এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।