নিজস্ব প্রতিবেদক:: তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী আয়োজন ঘিরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে তার সংক্ষিপ্ত আলাপচারিতা হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে এ সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়। তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।