মো: মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বাবা মোহাম্মদ জসীম উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮৬) বছর। মরহুম জসীম উদ্দীন দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বড় ছেলে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর ছোট ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে মোহাম্মদ জসীম উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ এশা ঢাকার গুলশান আজাদ জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।