November 9, 2026, 6:23 pm

টঙ্গীতে মাদ্রাসায় হামলাকারীদের গ্রেপ্তার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Monday, November 9, 2026
  • 12 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: টঙ্গীতে ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হামলা, ভাঙচুর এবং শিক্ষক-কর্মচারীদের মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষক মো. মোসলেম উদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) সকালে গাজীপুর জেলা জজ আদালতের সামনে এ মানববন্ধনের আয়োজন করে যুব জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগর ও প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ, গাজীপুর।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসায় হামলা ও শিক্ষক-কর্মচারীদের মারধরের ঘটনায় অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। অথচ সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই একজন শিক্ষককে কারাগারে আটকে রাখা হয়েছে। এ সময় কারাবন্দী শিক্ষক মো. মোসলেম উদ্দিনের অবিলম্বে জামিন ও নিঃশর্ত মুক্তি এবং মামলার প্রধান অভিযুক্ত শাহজালাল রুমি ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হলেও নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ানো মাদ্রাসায় হামলার অভিযুক্তদের গ্রেপ্তার করা যাচ্ছে না। একজন শিক্ষক কারাগারে থাকবেন, আর হামলার অভিযুক্তরা বাইরে ঘুরে বেড়াবেন—এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের উপদেষ্টা হাফেজ মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া গাজীপুরের সভাপতি মাওলানা আব্দুল মমিন ও সেক্রেটারি সেলিম আহমেদ, প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি আরিফুল ইসলাম, যুব জমিয়ত গাজীপুরের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান এবং নূরে মদিনা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কারিম।
মাওলানা কেরামত আলী বলেন, ‘একটি সাজানো অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষা ও আলেম সমাজকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। মাদ্রাসায় হামলা ও শিক্ষকদের মারধরের ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার না করা অত্যন্ত উদ্বেগজনক।’
মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্বারী আলমাছ হোসেন গাজীপুরী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘ভিডিও ফুটেজে দেখা গেছে, শাহজালাল রুমি শিক্ষকদের ওপর চড়াও হয়ে তাঁদের মারধর করছেন। অথচ পুলিশ আদালতে দেওয়া প্রতিবেদনে উল্টো দাবি করেছে, এলাকাবাসী তাঁদের মারধর করেছে।’
তিনি আরও অভিযোগ করেন, একটি শিশুকে শিখিয়ে সাজানো অভিযোগের ভিত্তিতে শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। অথচ মাদ্রাসায় হামলার ঘটনায় অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে শিক্ষক মোসলেম উদ্দিনের জামিন ও মুক্তি নিশ্চিত করা এবং প্রকৃত হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে গাজীপুরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর