স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল প্রচলিত শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা পেরিয়ে সমাজের সর্বস্তরের মানুষের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা। ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় বর্তমানে তিন লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষার ব্যবস্থা করছে। আজ সোমবার গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এসব কথা বলেন।
তিনি বলেন, সংস্কৃতি শুধু গান-বাজনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা একটি জাতির চিন্তা-চেতনা, মূল্যবোধ, ঐতিহ্য ও জীবনবোধের সামগ্রিক প্রকাশ। দেশের সংস্কৃতি নানা অবক্ষয়ের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি একে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নিজস্ব বৈশিষ্ট্যে বিকশিত করার ওপর গুরুত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, কাজী নজরুল ইসলামের শিক্ষাদর্শন ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল ভাবনার মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে। প্রথাগত শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে নজরুল জীবনব্যাপী ও সর্বজনীন শিক্ষার যে চিন্তা ধারণ করতেন, বাউবি ঠিক সেই লক্ষ্যেই কাজ করছে। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে কবির সাহিত্য ও আদর্শ তুলে ধরার এই উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ‘কাজী নজরুল ইসলামের শিক্ষা-দর্শন ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আদিভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য ও নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন। প্রবন্ধে তিনি নজরুলের সাম্যবাদী দর্শন, সর্বজনীন শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক তানভীর আহসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া বিভাগের সিনিয়র ভিডিও স্পেশালিস্ট মো. সরফ উদ্দিন খান।
আলোচনা সভা শেষে গান, কবিতা আবৃত্তি ও অভিনয় বিভাগে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।