শেখ কামরুল হাসান সাহা:: টঙ্গীতে মাদ্রাসার ছাত্র ওসমান গনি নাঈম (৯) নামের এক শিশু শিক্ষার্থীকে আয়রন দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষক মুস্তাকিন বিল্লাহকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, মহানগরীর টঙ্গী বাজার এলাকায় অবস্থিত মিথ্যাউল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মুস্তাকিন বিল্লাহর বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে গরম ইলেকট্রিক আয়রনের ছ্যাঁকা দেয়ার অভিযোগ করেন শিশুটির পরিবার। ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আদিব।
ভুক্তভোগী শিশুটির পরিবার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
অভিভাবকসহ স্থানীয়রা শিশুদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের নজর দেয়ার আহ্বান জানিয়েছেন। শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে জ্ঞান ও নৈতিকতা অর্জনের জন্য, নির্যাতনের শিকার হওয়ার জন্য নয়। তাই ওসমান গনি নাঈমের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইন অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।