স্টাফ রিপোর্টার:: গাজীপুরের টঙ্গীতে আধ্যাত্মিক সাধক হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ (রহ.)-এর ৩৪তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে টঙ্গীর ৫২ নং ওয়ার্ডের সাতাইশ গুটিয়া নগর মাজার শরিফে এ ওরশ উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান ও বাউলসংগীতের আয়োজন করা হয়। হযরত কাজী হানিফ শাহ (রহ.)-এর ছেলে পীরজাদা কাজী ফিরোজ শাহর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মপ্রাণ ভক্ত, আশেকান, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, আধ্যাত্মিক সাধক হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ (রহ.) বিভিন্ন পীর-মাশায়েখের আধ্যাত্মিক ধারার অনুসারী ছিলেন। তাঁর স্মরণে প্রতিবছর পবিত্র ওরশ মোবারকের আয়োজন করা হয়। এ উপলক্ষে ভক্ত-অনুসারীরা মাজার শরিফে সমবেত হয়ে দোয়া, জিকির ও ধর্মীয় কার্যক্রমে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্যসচিব ভিপি আসাদুজ্জামান নূর, যুবদল নেতা সেলিম কাজল, বিএনপি নেতা অ্যাডভোকেট জালাল খানসহ গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মায়ের দোয়া রিয়েল এস্টেটের পরিচালক মো. কামরুজ্জামান। ওরশ উপলক্ষে দেশের সুনামধন্য বাউলশিল্পী আরিফ দেওয়ান ও ফকির আবুল সরকার সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ওরশ উপলক্ষে আয়োজকরা ধর্মপ্রাণ ভক্ত, আশেকান ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।