স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছেন- লালচান (৬০), তানিশা (১৬) ও নাছিমা (৫০)। আজ বুধবার ভোর ৬টায় এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে বলেন, দগ্ধ তিনজনের শরীরেই ‘ফ্লেম বার্ন’ হয়েছে। এর মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমা বেগমের ৮৫ শতাংশ এবং তানিসার ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাড়ির মালিক ফখরুল ইসলাম জানান, সকালে তার ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং দগ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য জেনে পরে জানানো হবে।