October 19, 2026, 11:20 am

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা এক নারীসহ ৪ জন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Monday, October 19, 2026
  • 18 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় এক নারীসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এ নিয়ে এ ঘটনায় দায়ের করা মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো। রোববার (১৮ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরীর সদর থানার পূর্ব চান্দনা এলাকার জসিমের ছেলে আকাশ হোসেন (২৩), মৃত আব্দুস সোবহানের ছেলে রাজিব (২৩), মৃত রবিনের ছেলে নাজমুল হোসেন নাদিম এবং রথখোলা এলাকার মৃত হরমুজ মিয়ার মেয়ে শিউলি আক্তার সুমি (৩৫)। তাঁদের মধ্যে নাজমুল ও শিউলি এ মামলার সন্দিগ্ধ আসামি।
এসআরবি সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৩টার দিকে গাজীপুর মহানগরীর সদর থানার পূর্ব চান্দনা এলাকার কবরস্থানসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-১-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, গত ১৫ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা রেলওয়ে থানার আওতাধীন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্ত থেকে ইয়াবাসহ আনিছ (১৯) ও শিমলা আক্তার ওরফে বৃষ্টিকে (২২) আটক করে রেলওয়ে পুলিশ। পরে তাঁদের ছিনিয়ে নিতে একদল ব্যক্তি জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এ ঘটনায় রেলওয়ে পুলিশের এটিএসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা করেন।
মামলার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে এসআরবি-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল ছায়াতদন্ত শুরু করে। পরে বিশ্বস্ত সোর্সের তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব চান্দনা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর