October 18, 2026, 10:56 pm

‘মাদরাসার পরিচয় ও ইসলামী পোশাকে হীনমন্যতার কোনো সুযোগ নেই’: ছাত্রশিবির সভাপতি

Reporter Name
  • আপডেট Sunday, October 18, 2026
  • 2 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: ‘জ্ঞানের শিখরে উঠুক নবজাগরণের গান, তোমাদের হাতে শতাব্দী ফিরে পাক প্রাণ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী মডেল থানা শাখার উদ্যোগে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টায় গাজীপুরের টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রশিবিরের টঙ্গী মডেল থানা শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুর রব, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার (টঙ্গী) অধ্যক্ষ ড. হেফজুর রহমান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম আলিম স্তরের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের জীবনে এ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই সময়ের ওপর ভিত্তি করেই ভবিষ্যতের মূল ভিত্তি তৈরি হয়। তাই লক্ষ্যহীন আড্ডা ও অগোছালো জীবনযাপন পরিহার করে শৃঙ্খলাবদ্ধ রুটিন মেনে চলা জরুরি।
তিনি বলেন, মানুষের জীবনে মেধা ও তাৎক্ষণিক অনুপ্রেরণার প্রভাব মাত্র ৫ শতাংশ। বাকি ৯৫ শতাংশ অর্জন নির্ভর করে কঠোর শৃঙ্খলা ও নিয়মিত অধ্যবসায়ের ওপর। আইনস্টাইনের বাইসাইকেল চালানোর উদাহরণ টেনে শিক্ষার্থীদের সব সময় জ্ঞানচর্চায় সচল ও গতিশীল থাকার আহ্বান জানান তিনি।
দাখিলে জিপিএ-৫ পাওয়ার পর অনেক শিক্ষার্থীর মধ্যে আত্মতুষ্টির প্রবণতা তৈরি হয় উল্লেখ করে ছাত্রশিবির সভাপতি বলেন, বিগত বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী, এসএসসিতে এ-প্লাস পাওয়া প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী এইচএসসিতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। তাই আত্মতুষ্টিতে না ভুগে আলিমের বিস্তৃত পাঠ্যসূচি সামলাতে দাখিলের তুলনায় অন্তত তিন গুণ বেশি পরিশ্রমের মানসিকতা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বাজারচলতি বিভিন্ন গাইডের তারকাচিহ্নিত পরামর্শের ওপর নির্ভর করে সংক্ষিপ্ত পথে পড়াশোনা করা থেকে বিরত থাকতে হবে। শিক্ষকদের তত্ত্বাবধানে মূল বই পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে।
তামীরুল মিল্লাতের সহশিক্ষা কার্যক্রমের সুযোগ তুলে ধরে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, সাধারণ মাদরাসার তুলনায় এ প্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব, ভাষা ফোরাম ও রোভার স্কাউটিংসহ বিশ্ববিদ্যালয়ের মতো বহুমুখী সহশিক্ষা কার্যক্রমের সুযোগ রয়েছে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষ ও ভারসাম্যপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
মাদরাসার শিক্ষা ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, টুপি, দাঁড়ি কিংবা পাঞ্জাবি কোনো হীনমন্যতার বিষয় নয়; বরং এগুলো গৌরবের প্রতীক। দেশ-বিদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং ছাত্র সংসদ নির্বাচনে তামীরুল মিল্লাতসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে নেতৃত্ব দিচ্ছেন। তাই আত্মপরিচয় নিয়ে হীনমন্যতায় না ভুগে নিজেদের মেধা, দক্ষতা এবং ধর্মীয় ও পার্থিব জ্ঞানের ভারসাম্যপূর্ণ চর্চার মাধ্যমে দক্ষ আলেম ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান আলোচক অ্যাডভোকেট শিশির মনির বলেন, শুধু পরীক্ষায় পাস করার জন্য নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শের চর্চার মাধ্যমে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে। দেশের রাজনীতিতে পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামী ২০ বছর পর এ দেশে আর কোনো পারিবারিক রাজনীতি টিকে থাকবে না।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম জানান, বিগত ভর্তি পরীক্ষায় তামীরুল মিল্লাতের ২০৩ জন শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির ৫৭ জন সাবেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এবং তিনজন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন।
নবীন শিক্ষার্থীদের মেধা, সততা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর