আন্তর্জাতিক ডেস্ক:: ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে ভারতে তরুণদের চলমান সরকারবিরোধী আন্দোলন, এমন মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। প্রগতিশীল ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বাংলাদেশের আন্দোলনের প্রতি সংহতি জানান। মঙ্গলবার নিজেদের ফেসবুক পেজে ভিডিও বার্তাটি প্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ভারতজুড়ে এখন যে জেন-জি আন্দোলন চলছে, তা মূলত শুরু হয়েছে বাংলাদেশকে দেখে। বাংলাদেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভারতীয় তরুণদের প্রতি সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। বাংলাদেশের আন্দোলনকে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই হিসেবে উল্লেখ করে নেহা বোরা বলেন, ভারতে বর্তমানে যে বিক্ষোভ চলছে, তার উদ্দেশ্যও একই।
তিনি আরও বলেন, আমরা আপনাদের প্রতি সংহতি প্রকাশ করছি। আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি ও আপনাদের আন্দোলন থেকে শিখতে পেরেছি। বাংলাদেশ ও ভারতের তরুণেরা একসঙ্গে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়ে তুলতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।