স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাজীপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। এ সময় জেলার বিভিন্ন থানা ও গাজীপুর মহানগর এলাকার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে মতামত নেওয়া হয়।
প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা জানান, উৎসবকে ঘিরে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা হলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সহজ হবে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলার বিভিন্ন থানা এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।