গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের ”বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫“ এর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত। সোমবার (৫ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তির ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানী আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের মাঝে হস্তান্তর করেন ইসরাইল হাওলাদার, (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ।
বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
এসময় পুলিশ কমিশনার মহোদয় মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, মেধাবী ও কৃতী সন্তানদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে মোঃ জাহিদ হোসেন ভূঞা , পিপিএম (বার), ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপ পুলিশ কমিশনার ( সদর ও অর্থ ), সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং কৃতি শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।