স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর সদর উপজেলায় কর্মরত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএপিপিও) মাহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্যত্র বদলির দাবি জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় সার, কীটনাশক ও বীজ ব্যবসায়ীদের পক্ষ থেকে এক ব্যক্তি।
গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে দেওয়া অভিযোগপত্রে অভিযোগকারী উল্লেখ করেন, মাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে গাজীপুর সদর উপজেলায় কর্মরত রয়েছেন।অভিযোগ অনুযায়ী, তিনি সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন বীজ ও কীটনাশক ডিলারের সঙ্গে অংশীদারত্বে ব্যবসা পরিচালনা করছেন। সরকারি দপ্তরে বসে বিভিন্ন ডিলারের কাছ থেকে প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের অভিযোগও করা হয়েছে।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়, ২০১৩ সালে চাকরিতে যোগদানের পর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। ২০২০ সালে পদোন্নতি পেয়ে এসএপিপিও হওয়ার পর গাজীপুর সদর উপজেলার সার, বীজ ও কীটনাশক ডিলারদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ লেনদেনের অভিযোগও তোলা হয়েছে। অভিযোগকারী দাবি করেন, এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। তবে ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত চলাকালে অভিযুক্ত কর্মকর্তাকে গাজীপুর সদর উপজেলা থেকে অন্যত্র বদলির অনুরোধ জানানো হয়েছে।
গাজীপরের হাড়িনাল এলাকার সারের ডিলার সারফ উদ্দিন ভূইয়া জানান,৩ বছর আগে তিনি অসুস্থ থাকায় নিয়মিত দোকান খুলতে না পারায় অভিযুক্ত কৃষি কর্মকর্তা মাহেদুল ইসলাম তার সারের ডিলার বাতিল করে দেন।এরপর তাকে অসুস্থতা কথা জানানোর পরও তিনি ডিলারশীপ ফেরত দেন নাই তিনি অন্য ডিলারের কাছ থেকে টাকা নিয়ে তাকে সারের লাইসেন্স দিয়েছেন। এমনকি তার কাছ থেকে ডিলারশিপ বাবদ যে টাকা নেওয়া হয়েছে ওই সিকিউরিটির টাকা এখনো ফেরত দেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সার এবং বীজের ডিলার ওই কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মাহিদুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন , অভিযোগে ভিত্তিতে নিউজ না করে সরেজমিনে এসে তদন্ত সাপেক্ষে নিউজ করেন।