নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, তাঁদের ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও চব্বিশের চেতনা। তাঁরা ব্যক্তি বা দলের ঐক্য চান না, চান জনগণের ঐক্য। জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে। তা ছাড়া দেশে শান্তি আসবে না। আজ রোববার (২২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিকেল ১টায় সম্মেলন শেষ হয়।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণ দুটি ভোট দিয়েছেন। একটি সরকার গঠনের জন্য, আরেকটি সংবিধান সংস্কারের জন্য গণভোট। তাঁরা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে দুটি শপথ নিয়েছেন। একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি একটির শপথ নিলেও গণপরিষদের শপথ নেয়নি। তারা জনগণের সাথে প্রতারণা করেছে এবং জনগণকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে।
তিনি বলেন, এখনো সুযোগ আছে। তাঁরা আহ্বান জানাবেন, বিএনপি যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় এবং সংবিধান সংস্কার করে। এর বাইরে জামায়াত জনগণের সাথে প্রতারণা করতে পারবে না। জনগণের কাছে দেওয়া ওয়াদা তাঁরা ভঙ্গ করবেন না।
সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এটিএম আজহারুল ইসলাম বলেন, সংবিধান সংস্কার না করলে দল হিসেবে আওয়ামী লীগ না এলেও নাম পরিবর্তন করে আওয়ামী চরিত্রের দল ক্ষমতায় থাকবে। তারা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে। তাঁরা এটি হতে দিতে পারেন না। এ পথ বন্ধ করতে হবে। এ জন্য তাঁরা জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নেমেছেন।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে জামায়াত সব সময় জনগণের সাথে ছিল। বর্তমান পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্টরা জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর জন্য একমাত্র দায়ী সরকার। দেশ রক্ষা, সীমান্ত রক্ষা ও জনগণের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার সেটি করতে পারছে না, বরং কোথাও কোথাও সরকার উসকানি দিচ্ছে। কার স্বার্থে, কাদের খুশি করার জন্য তারা এ উসকানি দিচ্ছে—জাতি তা জানতে চায়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ শক্ত হয়ে দাঁড়ালে আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। অনেকে পালিয়ে গেছে, বাকিরা পালানোর জায়গা পাবে না। সরকারকে সন্ত্রাসীদের শক্তভাবে দমন করতে হবে। জনগণের যাতে ক্ষতি না হয়, সে জন্য দায়িত্বশীল দল হিসেবে মাঠে-ময়দানে থাকবে জামায়াতে ইসলামী। একই সাথে জনগণের দাবি সরকারকে মেনে নিতে হবে।
সরকারের উদ্দেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকার দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত করলে জনগণ তা মানবে না। তাঁরা জনগণের পাশে দাঁড়াবেন। সরকার যে কাজ করছে, তার ভিত্তি হিসেবে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই দেশের ঐক্য গড়ে উঠবে। যেকোনো ধরনের আঘাত প্রতিরোধে তাঁরা ঐক্যবদ্ধ থাকবেন। সাহসিকতার সাথে আঘাতের জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মোহাম্মদ সেলিম উদ্দিন।