November 22, 2026, 6:45 pm

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

Reporter Name
  • আপডেট Sunday, November 22, 2026
  • 15 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুরকে ঢাকার সম্প্রসারিত একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল। এ জন্য প্রথমেই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অপরিকল্পিত নগরায়ণকে পরিকল্পিত কাঠামোর মধ্যে নিয়ে আসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন তিনি। পাশাপাশি গাজীপুরের বিপুলসংখ্যক পোশাক শ্রমিকের জন্য হাসপাতাল, আবাসন ও তাদের সন্তানদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন। আজ রোববার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, গাজীপুরকে একটি অত্যন্ত আধুনিক নগরী হিসেবে দেখতে চান তিনি। ঢাকা এখন বিশাল মেগাসিটিতে পরিণত হয়েছে। জনসংখ্যার তুলনায় সেখানে আবাসনের সুযোগ সীমিত। এ অবস্থায় গাজীপুরকে ঢাকার সম্প্রসারিত নগরী হিসেবে গড়ে তুলতে পারলে আবাসন ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে ঢাকা ও গাজীপুরের মধ্যে যোগাযোগ সহজ হলে রাজধানীর ওপর চাপ কমানো এবং নগরজীবনের বিকেন্দ্রীকরণ সম্ভব হবে।
উন্নয়ন পরিকল্পনার অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন, সবার আগে প্রয়োজন রাস্তাঘাট ও চলাচল ব্যবস্থার উন্নয়ন। এর পাশাপাশি গাজীপুরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঘরবাড়ি, মিল-কারখানা ও আবাসনকে একটি সুশৃঙ্খল পরিকল্পনার আওতায় আনতে হবে। তা না হলে আধুনিক নগর গড়ে তোলা সম্ভব নয়। এ বিষয়টিকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে জানান।
গাজীপুরের শিল্পাঞ্চলের শ্রমিকদের জীবনমান উন্নয়নেও বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন নতুন চেয়ারম্যান। তিনি বলেন, গাজীপুরে শত শত শিল্পকারখানা রয়েছে এবং লাখ লাখ শ্রমিক এখানে কাজ করেন। তাদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতাল, আবাসনের ব্যবস্থা এবং তাদের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাবে।
গাজীপুরের সার্বিক উন্নয়ন পরিকল্পনায় প্রবাসীদের জন্য পৃথক ‘প্রবাসী পল্লী’ এবং মধ্যবিত্ত, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের জন্য নতুন আবাসিক নগর গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। তুরাগ নদের দুই পাশের সৌন্দর্যবর্ধন, রাস্তাঘাটের উন্নয়ন এবং রাজধানীর সঙ্গে যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণের বিষয়েও কাজ করার কথা বলেন।
এ ক্ষেত্রে গাজীপুরের সংসদ সদস্য, সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গাজীপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সবার সঙ্গে আলোচনা করে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
উন্নয়ন কর্তৃপক্ষের অতীত কর্মকাণ্ডে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, তিনি আজই প্রথম কার্যালয়ে এসেছেন। ফলে অতীতে কী হয়েছে, সে বিষয়ে এখনই মন্তব্য করতে চান না। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে কর্তৃপক্ষের কার্যক্রম ও বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত জানবেন।
তবে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতির উর্ধ্বে থেকে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আশা করি ভবিষ্যতে এখানে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি হবে না।’ প্ল্যান অনুমোদনে দীর্ঘসূত্রতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব সমস্যার অবসান ঘটানোর চেষ্টা করবেন। তাঁর ভাষায়, ‘একটি প্রশাসনের প্রধান যদি সৎ থাকেন এবং তাঁর চিন্তা-চেতনায় আন্তরিকতা ও সততা থাকে, তাহলে অফিসের অন্যদের মধ্যেও পরিবর্তন আসবে।’ গাজীপুরের সন্তান হিসেবে এ অঞ্চলের উন্নয়নে নিজের মেধা, বুদ্ধিমত্তা ও শ্রম দিয়ে সর্বাত্মক চেষ্টা করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার, গগাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিসী,জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সবুজ, মহানগর বিএনপি নেতা সুরুজ আহমেদ, নাসির উদ্দিন, সাজ্জাদুর রহমান মামুন, জেলা বিএনপি নেতা মোশারফ হোসেন রবিন, আবু তাহের মুসল্লি ও সাবেক কাউন্সিলর তানভীর আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় এ নিয়োগ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর