October 4, 2026, 9:25 pm

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৯টি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের নিয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

Reporter Name
  • আপডেট Sunday, October 4, 2026
  • 20 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে তিন মাসব্যাপী ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর উদ্বোধন করা হয়েছে। এতে দেশের ২৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। আজ রোববার গাকৃবির পুরাতন অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি, হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমির ডিন প্রফেসর ড. লায়লা নুর ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মেজবাহুল ইসলাম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, বুয়েটের ইমেরিটাস অধ্যাপক ড. এ এস এম এ হাসিব, গাকৃবির প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান এবং কোর্স ডিরেক্টর ও গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া গাকৃবির ডিন, পরিচালক, জ্যেষ্ঠ শিক্ষক, প্রক্টর, রেজিস্ট্রার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নতুন জ্ঞান ও কার্যকর শিখন-পদ্ধতি অর্জন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্মিলিতভাবে এগিয়ে এলে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। তিনি জানান, বাংলাদেশের শিক্ষকদের জন্য শিগগিরই একটি বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ অনেকাংশে নির্ভর করছে আজকের শিক্ষক সমাজের ওপর। জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়ানো ছাড়া জ্ঞানভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তিনি বলেন, ‘আজকের শিক্ষক সমাজই আগামী দিনের শিক্ষার্থীদের পথ দেখাবেন। তাই একজন শিক্ষকের পেশাগত উৎকর্ষ শুধু তাঁর নিজের উন্নতি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি প্রজন্মের ভবিষ্যৎ।’
অনুষ্ঠানে গাকৃবির সাফল্য ও বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। পরে ইউজিসি চেয়ারম্যানকে শুভেচ্ছা স্মারক দেন গাকৃবির ভিসি। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাকৃবির পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর