স্টাফ রিপোর্টার গাজীপুরঃ গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় কারখানার ভেতরে আটকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার বেলা পৌনে ৩টার দিকে সাততলা ভবনের তৃতীয় তলায় এই আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। এ সময় আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ জন শ্রমিকে কারখানা থেকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কারখানাটির আশপাশে পুকুর বা পানির কোনো উৎস নেই। পাশাপাশি কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানা যায় নি।