মো: আক্তার হোসেন ডালী:: পুলিশের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে মানুষের আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান। তিনি মানুষের আইনি অধিকার সমুন্নত রাখতে কাজ করতে চান।
আরিফুর রহমান বলেন, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকার নাগরিকদের বলতে চাই, আমি এখানে এসেছি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে। পুলিশের ওপর অর্পিত যে দায়িত্ব, সেটা যেন আমরা ভালোভাবে পালন করতে পারি এবং মানুষের কাছে প্রিয় হয়ে উঠতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাব। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো।
তিনি বলেন, মানুষ চায় পুলিশ প্রশাসন যেন তাদের কথা শোনেন। সাধারণ মানুষের কথা প্রশাসন ভালোভাবে শুনলেই তারা খুশি হন। এতে তাদের অর্ধেক কষ্ট লাঘব হয়ে যায়। থানায় গিয়ে যেন সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পান, সে লক্ষ্যেই কাজ করছি।
তিনি আরো বলেন, মানুষের যে কোন সমস্যার কথা পুলিশকে শুনতে হবে। আমাদের যা করার প্রয়োজন আমরা তাই করবো এবং অন্য কোনো দপ্তরের মাধ্যমে সমাধানযোগ্য হলে সংশ্লিষ্ট দপ্তরে ফোন করে ভুক্তভোগীর সমস্যা সমাধানের চেষ্টা করবো।
পুলিশ সদস্যদের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো ঠেকাতে কঠোর থাকার কথা জানিয়ে তিনি বলেন, কোনো পুলিশ সদস্য যেন অনৈতিক কাজে জড়িয়ে না পড়েন, সে বিষয়টি আমি শক্ত হাতে দমন করব। পুলিশের প্রশিক্ষণ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অপব্যবহার যেন না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকাব। পুলিশ মানবাধিকারের পক্ষে থেকে মানুষের সেবা করবেন এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজে জড়াবে না।
আরিফুর রহমান বলেন, টঙ্গী পশ্চিম থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। অপরাধের ধরন ও সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চুরি-ছিনতাই, কিশোর গ্যাং অপরাধসহ যেসব বিষয় জননিরাপত্তার জন্য উদ্বেগের কারণ, সেগুলো নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের বিভিন্ন অসংগতি ও অপরাধের তথ্য তুলে ধরেন। এসব তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশকে প্রয়োজনীয় ধারণা পেতে সহায়তা করে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জেলার বিভিন্ন সমস্যা ও অপরাধের তথ্য পুলিশকে জানালে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে। এসময় তিনি দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কাজ করবে।