October 3, 2026, 4:35 am

গাজীপুরকে শব্দদূষণমুক্ত ও শান্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই: ডিসি

Reporter Name
  • আপডেট Thursday, October 1, 2026
  • 39 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরকে শব্দদূষণমুক্ত ও শান্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৫ দিনের মধ্যে সাড়ে পাঁচ শতাধিক গণপরিবহন হাইড্রোলিক হর্নমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন পরিবহন মালিক ও চালকেরা। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কেন্দ্রে পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।
জেলা প্রশাসক বলেন, গাড়ির হর্ন, বিশেষ করে হাইড্রোলিক হর্নের ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলে শব্দদূষণ অনেকটাই কমানো সম্ভব। এ লক্ষ্যেই মোটরসাইকেল, অটোরিকশা, গণপরিবহনের চালকসহ শব্দদূষণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করা হচ্ছে।
তিনি বলেন, মতবিনিময় সভায় গণপরিবহনের মালিক, শ্রমিক ও চালকেরা আগামী ১৫ দিনের মধ্যে সাড়ে পাঁচ শতাধিক বাস থেকে হাইড্রোলিক হর্ন খুলে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরিবর্তে অপেক্ষাকৃত সহনীয় ও শ্রুতিমধুর হর্ন ব্যবহার করা হবে।
জেলা প্রশাসক আরও জানান, এখন থেকে প্রয়োজন ছাড়া হর্ন না বাজানোর বিষয়েও চালকেরা সম্মত হয়েছেন।
মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ গত দুই মাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রায় ৯০০টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে।
শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা পুলিশও কাজ করছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে ধারাবাহিকভাবে কর্মসূচি পরিচালনা করা হবে। এর মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া এবং গাজীপুরকে শান্ত ও শব্দদূষণমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা।
মতবিনিময় সভায় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জিএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর