স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর আবু ইউনুস (১০) ও নিরব মিয়ার (৯) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরিবারের আবেদনের পর আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা স্থানীয় একটি শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে আবু ইউনুস, নিরবসহ কয়েকজন টঙ্গীর জামাইবাজার রেলওয়ে ব্রিজের নিচে তুরাগ নদীতে মাছ ধরতে ও গোসল করতে যায়। একপর্যায়ে নিরব পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধার করতে গিয়ে ইউনুস নদীতে ঝাঁপ দেয়। পরে তীব্র স্রোতে দুজনই ভেসে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে সন্ধ্যায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যার পর অন্ধকার, তীব্র স্রোত ও প্রতিকূল পরিস্থিতির কারণে রাত সাড়ে ৭টার দিকে অভিযান স্থগিত করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহিন আলম জানান, নিখোঁজের খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল। রাতে অভিযান স্থগিতের পর সকালে পুনরায় অভিযান চালিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। আজ দুপুরে নদীতে তল্লাশি চালিয়ে প্রথমে আবু ইউনুসের লাশ উদ্ধার করা হয়। পরে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিরবের লাশ পাওয়া যায়।
টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।