স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ব্রি সেবা ফুটবল প্রিমিয়ার লিগ-২০২৬’-এর ফাইনাল খেলা। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ব্রি ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় BRRI Eagle ও Ekota Sports। খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
সেবা সাহিত্য সংস্কৃতি জনকল্যাণ সংগঠন ব্রির আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল ফাইনাল ঘিরে ব্রি ক্যাম্পাসে কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। ক্রীড়াঙ্গনের এ আয়োজনের মধ্য দিয়ে কর্মজীবীদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার বার্তাও উঠে আসে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মোঃ আমিনুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহামদ আলী রুশদী, গাজীপুর মহানগর কৃষকদলের সভাপতি আতাউর রহমান এবং সিনিয়র সহ-সভাপতি মইজুদ্দিন তালুকদার।
এ ছাড়া ব্রি বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মোঃ ইব্রাহিম, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন, ব্রি বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ হাবিবুর রহমান মুকুল, সেবা সংগঠনের উপদেষ্টা ড. মোঃ মামুনুর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি মাহবুবুর রশীদ তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ হাসান আলীসহ ব্রির বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্রির কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে আয়োজিত এ লিগের মধ্য দিয়ে ক্রীড়াচর্চার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্য রয়েছে। সেবা সাহিত্য সংস্কৃতি জনকল্যাণ সংগঠন ব্রির সভাপতি হাসিনুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খেলাটি সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে ব্রি সেবা ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনালে প্রধান অতিথির উপস্থিতির পাশাপাশি একই দিনে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। পরিচ্ছন্ন ও সবুজ গাজীপুর গড়ার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে শনিবার অঞ্চল-৩-এর সাইনবোর্ড ও বোর্ড বাজার এলাকার বিভিন্ন সড়কে দিনব্যাপী ময়লা-বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করা হয়।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নাগরিকদের স্বাস্থ্যসম্মত ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বোর্ড বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সফিউদ্দিন স্কুলের সামনের জমে থাকা বর্জ্যও অপসারণ করা হয়েছে।
শুধু নগরীর সড়ক ও জনবহুল এলাকা নয়, সুস্থ ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে শনিবার গাজীপুর নগর ভবন কার্যালয়েও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। ক্রীড়া আয়োজন ও নগর পরিচ্ছন্নতার এ দুই উদ্যোগের মধ্য দিয়ে একই দিনে ব্রি ক্যাম্পাস ও গাজীপুর নগরে সুস্থ বিনোদন, পরিচ্ছন্ন পরিবেশ এবং বাসযোগ্য নগর গঠনের বার্তা ছড়িয়ে পড়ে।