স্টাফ রিপোর্টার, গাজীপুর:: দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে জেলা বিএনপি। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল যেকোনো ধরনের সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান জানান।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, সিনিয়র নেতা আজিজুর রহমান পেরা, আব্দুল মোতালিব, হুমায়ুন কবির মাস্টার, আবু তাহের মুসল্লি, আক্তারুল আলম মাস্টার, সাখাওয়াত হোসেন সেলিম, সাখাওয়াত হোসেন সবুজ ও আনোয়ার হোসেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হন। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল রাজবাড়ী রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।