স্টাফ রিপোর্টার, গাজীপুর:: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর ১ নং যুগ্ন আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা আহ্বায়ক মোঃ আকবর হোসেন ফারুকের নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি টঙ্গী আশরাফ সেতু কমপ্লেক্স থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ রোডের টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী যুবলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেওয়া মোঃ আকবর হোসেন ফারুক বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা কোনোভাবেই কাম্য নয়। জনগণের জানমাল ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি আরো বলেন, টঙ্গী শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই সড়ক যোগাযোগের ওপর নির্ভরশীল। তাই কোনো কর্মসূচির কারণে যেন সাধারণ মানুষ, শ্রমিক ও ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক পাল্টাপাল্টি কর্মসূচি দেখা যাচ্ছে। এর ধারাবাহিকতায় টঙ্গীতেও আওয়ামী যুবলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। উক্ত বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন বিভিন্ন ওয়ার্ডের যুবদলের ও বিএনপির নেতৃবৃন্দ । এদিকে বিক্ষোভ মিছিলটি টঙ্গী আশরাফ সেতু থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ রোডে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিলগেট এলাকায় পৌঁছালে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।