মোঃ আক্তার হোসেন ঢালি: গাজীপুরের টঙ্গী ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যম ও থানায় দায়ের করা অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ৪৬ নম্বর ওয়ার্ড যুবদল। এ ঘটনায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে আব্দুল খালেক মিয়া বলেন, গত ২১ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত ‘টঙ্গীতে যুবদলের সাইনবোর্ডে অন্য অফিস দখল করে চলে মাদকের কারবার’ শিরোনামের সংবাদে তার বিরুদ্ধে যে অভিযোগ তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত। তিনি বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। আমি এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সত্যতা যাচাই না করে কোনো অভিযোগকে সংবাদে তুলে ধরে একজন রাজনৈতিক কর্মীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা অত্যন্ত দুঃখজনক।” আব্দুল খালেক মিয়া আরও বলেন, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা হোক। তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। ‘অপপ্রচার দিয়ে যুবদলের অগ্রযাত্রা থামানো যাবে না’ সংবাদ সম্মেলনে ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মনসুর (টুটুল) বলেন, আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, আমরা ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ সামনে এনে যুবদলের নেতাকর্মীদের বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। অপপ্রচার চালিয়ে যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ড থামানো যাবে না।” তিনি আরও বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই—অভিযোগ থাকলে তদন্ত হোক, সত্য-মিথ্যা যাচাই হোক। কিন্তু যাচাই-বাছাই ছাড়া কারও বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে আছি। আল মনসুর (টুটুল) বলেন, ৪৬ নম্বর ওয়ার্ড যুবদল কোনো ব্যক্তির অপপ্রচারের কাছে মাথা নত করবে না। সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে আমরা সাংগঠনিক ও আইনগতভাবে এর প্রতিবাদ জানাব। সংবাদ সম্মেলনে বক্তারা গণমাধ্যমকে যেকোনো অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাইয়ের আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতি প্রকাশিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মনসুর (টুটুল), ৪৬ নম্বর ওয়ার্ডের সম্মানিত বাসিন্দা হারুনুর রশিদ, ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যুবদলের নেতাকর্মীরা বলেন, অভিযোগের সত্যতা তদন্তেই নির্ধারিত হওয়া উচিত; অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের মাধ্যমে নয়। আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানান তারা।