September 24, 2026, 1:31 am

টঙ্গীতে ১৫ মাসের শিশুকে অপহণের চেষ্টা, যুবক আটক

Reporter Name
  • আপডেট Wednesday, September 23, 2026
  • 22 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরের টঙ্গীতে ১৫ মাস বয়সী এক শিশুকে অপহরণ করে পালানোর সময় বাকির হোসেন বাইক্কা ওরফে জসিম (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নম্বর ওয়ার্ডের পূর্ব আরিচপুরের মদিনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আরিচপুরের হাজি সালাউদ্দিনের ভাড়াটিয়া বাসা এলাকায় ১৫ মাস বয়সী শিশু মরিয়মকে কৌশলে নিয়ে পালানোর চেষ্টা করেন জসিম। বিষয়টি শিশুটির দাদি মালেকা খাতুনের নজরে পড়লে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা এগিয়ে এসে ওই যুবককে ধাওয়া করে আটক করেন। একই সময় শিশুটিকেও উদ্ধার করা হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে আটক যুবককে হেফাজতে নেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া শিশু মরিয়মের বয়স ১৫ মাস। তার বাবার নাম ইয়াছিন। তাদের স্থায়ী ঠিকানা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ি এলাকায়। বর্তমানে তারা টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুরের মদিনাপাড়ায় বসবাস করছেন। আটককৃত বাকির হোসেন বাইক্কা ওরফে জসিমের বাড়ি ঢাকার দক্ষিণখান থানাধীন আজমপুর কাঁচাবাজার এলাকায়। তার বাবার নাম জাকির হোসেন এবং মায়ের নাম কনা আক্তার। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুল আলম বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে নিরাপদ ও সুস্থ রয়েছে। আটক যুবকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর