স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে রেললাইনের পাশ থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়দেবপুর ও কালিয়াকৈর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়দেবপুর রেল জংশনের আউটার সিগন্যালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
অপরদিকে, কালিয়াকৈর পৌরসভার পাকার মাথা এলাকায় ভোরে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হন। নিহত ওই নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে।