স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় ও একক নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন।
তিনি উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীল কাজের চর্চা অব্যাহত রাখতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখা এবং নিজেদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার পরামর্শ দেন।
গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মোমিন মিঞা। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ আনন্দমুখর পরিবেশে রূপ নেয়।