নিজস্ব প্রতিবেদক:: মাদক কেনার টাকা জোগাড় করতে নিজের ২০ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে সদরঘাট থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান শিশুর মা সীমা (২৬)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ এলাকার মৃত বাচ্চু মিয়ার মেয়ে। বর্তমানে সদরঘাট থানাধীন পানির ট্যাংকি এলাকার বাচ্চু মিয়ার বাসায় থাকেন। সীমার অভিযোগ, তাঁর স্বামী লোকমান হোসেন সাগর (২৭) মাদকাসক্ত।
তিনি ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে মাদক সেবনের টাকা জোগাড় করার জন্য বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হন। খবর পাওয়ার পর সদরঘাট থানার মোবাইল টহল ডিউটির স্পেশাল-২৪ (নৈশ) কর্মকর্তা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন।
প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকার যুগী চাঁদ মসজিদ লেইন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা শিশু ফাতেমা আক্তারকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, শিশুটিকে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিকভাবে তৎপর হয়। থানার মোবাইল টহল দলের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পশ্চিম মাদারবাড়ি এলাকার যুগী চাঁদ মসজিদ লেইন থেকে শিশুটিকে উদ্ধার করেন। শিশুটিকে তার মায়ের কাছে নিরাপদে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।