September 20, 2026, 4:40 pm

মন্ত্রী বড় নাকি স্থানীয় সংসদ সদস্য বড়, প্রশ্ন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

Reporter Name
  • আপডেট Sunday, September 20, 2026
  • 16 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও কয়েকজন জেলা ও উপজেলা প্রকৌশলী উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় কর্মকর্তাদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, ‘মন্ত্রী বড়, নাকি স্থানীয় সংসদ সদস্য বড়?
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনাসভায় কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মীর শাহে আলম বলেন, মন্ত্রী বড়, না স্থানীয় সংসদ সদস্য বড়, এটা তিনি বুঝতে পারছেন না। কর্মকর্তাদের নিয়ে কী সভা করবেন, সেটিও বুঝতে পারছেন না। বিষয়টি নোট করে রাখার জন্যও তিনি বলেন। তাঁর ভাষায়, কর্মকর্তাদের এখানে ফাজলামি বা পিকনিক করতে আসার সুযোগ নেই; একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের ডাকা হয়েছে। সভার এক পর্যায়ে রাঙামাটি জেলার কর্মকর্তাদের একসঙ্গে দাঁড়াতে বলেন প্রতিমন্ত্রী। তিনি জানতে চান, রাঙামাটি জেলায় কয়টি উপজেলা। কর্মকর্তারা জানান, সেখানে ১০টি উপজেলা। এরপর উপস্থিত কর্মকর্তাদের গুনে তিনি বলেন, তাঁরা ছয়জন দাঁড়িয়েছেন; বাকি চারজন কোথায়?
একজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে আছেন জানানো হলে প্রতিমন্ত্রী জানতে চান, তিনি কোথায় আছেন এবং তিনি নির্বাহী প্রকৌশলী কি না। এরপর তিনি জানতে চান, বাকি উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেন সভায় আসেননি। তখন মঞ্চের সামনে থেকে একজনকে বলতে শোনা যায়, ওই নির্বাহী প্রকৌশলী এলাকায় স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে একটি সভায় আছেন।
তখন প্রতিমন্ত্রী বলেন, কোনো উপজেলা বা এলাকার উদ্বোধন নিয়ে স্থানীয় সংসদ সদস্য কিছু বললে কর্মকর্তাদের বিষয়টি সমন্বয় করতে হবে। সংসদ সদস্যকে বলতে হবে, মন্ত্রী, সচিব ও প্রতিমন্ত্রী তাঁদের সভায় ডেকেছেন।
প্রয়োজন হলে সংসদ সদস্যকে জানিয়ে দিতে হবে যে তাঁর সঙ্গে পরদিন বা পরশু বসবেন। কিন্তু গুরুত্বপূর্ণ সভায় স্থানীয় সংসদ সদস্যকে মন্ত্রী, সচিব ও প্রতিমন্ত্রীর চেয়ে বড় মনে করে অনুপস্থিত থাকা যাবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর