স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইলের তালটিয়া এলাকায় ভাড়া বাসার ছাদে থাকা একটি কক্ষ থেকে নাদিয়াতুন জান্নাত স্নিগ্ধ (২০) নামে এক নববিবাহিত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মারুফ আহমেদ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তালটিয়া এলাকার একটি বাড়ির ছাদে থাকা ছোট কুটির থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাদিয়াতুন জান্নাত স্নিগ্ধ পূবাইলের সাতানীপাড়া এলাকার আফসার উদ্দিনের মেয়ে। তার মায়ের নাম রাজিয়া সুলতানা। প্রায় দুই মাস আগে মারুফ আহমেদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা তালটিয়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে বাড়ির এক ভাড়াটিয়া ছাদে কাপড় শুকাতে গেলে ওই কক্ষের ভেতর স্নিগ্ধের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ আগে তার স্বামী মারুফকে তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে যেতে দেখেছেন বলে জানান অন্য ভাড়াটিয়ারা। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পূবাইল থানার তদন্ত কর্মকর্তা এসআই রফিক বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে সিআইডির একটি দল আসছে। তাদের কার্যক্রম শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
দুপুর ২টার দিকে পূবাইল থানার সেকেন্ড অফিসার এসআই কাউসার মাহমুদ বলেন, ‘আমরা বর্তমানে ছেলের বাড়িতে আছি। ঘটনার মূল কারণ জানার চেষ্টা করছি। ছেলেটি বর্তমানে পলাতক রয়েছে। মারুফ আহমেদ প্রবাস থেকে প্রায় দুই মাস আগে দেশে ফেরেন। দেশে ফিরে বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে তালটিয়া এলাকায় বাসা ভাড়া করে বসবাস করছিলেন। এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।