স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে অপর একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সৈকত হোসাইন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানের হেলপার। আজ শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বেরনাইয়া মোল্লাবাড়ী এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আজ সকালে কড্ডা এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো ছিল। সে সময় টাঙ্গাইলগামী অপর একটি পিকআপ ভ্যান ওই ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সৈকত নিহত হন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করেছে।
কোনাবাড়ী থানার এ এস আই আব্বাস উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত হেলপারের নাম জানা যায়নি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।