নিজস্ব প্রতিবেদক:: ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের গাজীপুরের প্রথম পথসভাস্থল ভোগড়া বাইপাসে এসে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ শনিবার সকাল সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে নেতৃবৃন্দ সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা তাকবির ধ্বনিতে তাদের স্বাগত জানান।
নেতৃবৃন্দ সমাবেশস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন। সকাল থেকেই গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা ভোগড়া বাইপাসে জড়ো হচ্ছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে মানুষের উপস্থিতিও বাড়ছে।
সমাবেশস্থলে ইতোমধ্যে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা গেছে। নির্ধারিত মঞ্চ থেকে নেতাদের বক্তব্য দেওয়ার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
লংমার্চের গাজীপুর পর্বকে ঘিরে সকাল থেকেই ভোগড়া বাইপাস এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আশপাশের সড়ক ও বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুন দেখা যাচ্ছে। টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়ে লংমার্চের বহরকে স্বাগত জানান।
সমাবেশস্থলে উপস্থিত নেতারা তাদের বক্তব্যে ১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি তুলে ধরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি-দখলদারি বন্ধ এবং সংকীর্ণ দলীয় নিয়ন্ত্রণ বন্ধের দাবিগুলো রয়েছে।
গাজীপুরে লংমার্চের প্রথম পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ভোগড়া বাইপাস এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সমাবেশে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে গাজীপুর পর্ব শেষ করে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে বলে জানা গেছে।