আন্তর্জাতিক ডেস্ক :: নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে এক বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে।
বৈঠকটির গুরুত্ব তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ পরবর্তী কৌশল এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার ওপর এই বৈঠকে বিশেষ জোর দেওয়া হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ও তার শীর্ষ টিম একটি যুদ্ধোত্তর বা ‘পরবর্তী দিনের’ পরিকল্পনা নিয়ে কাজ করছেন, যা চলতি মধ্যবর্তী নির্বাচনের পর চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
এদিকে পরিস্থিতির ওপর নজর রাখা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিউ ইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনও বৈঠক নির্ধারিত হয়নি।
এর আগে গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় আটটি আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প এবং তাদের সামনে গাজা শান্তি পরিকল্পনার খসড়া উপস্থাপন করেছিলেন। এর এক সপ্তাহ পর তিনি এটি জনসমক্ষে আনেন এবং এর কিছুদিন পরই যুদ্ধবিরতি চুক্তি অর্জিত হয়েছিল। সূত্র: রয়টার্স