স্পোর্টস ডেস্ক:: তৃণমূল থেকে উঠে আসা উদীয়মান ক্রীড়াবিদদের ভবিষ্যতের দায়িত্ব সরকার বহন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশজুড়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা থেকে বাছাই করা ৩০৬ জন প্রতিভাবান খেলোয়াড়কে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) সরকারি খরচে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আমিনুল হক জানান, সারা দেশে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার প্রথম আসরে প্রায় ১ লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরী অংশ নেয়। তাদের মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৩০৬ জন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে নির্বাচন করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে তাদের দুই মাসের নিবিড় প্রশিক্ষণ শুরু হবে।
প্রশিক্ষণ শেষে যারা নিজেদের সর্বোচ্চ সক্ষমতা প্রমাণ করতে পারবেন, তাদের পড়াশোনা ও খেলাধুলার সার্বিক খরচ সরকার বহন করবে। আগামী দিনে জাতীয় মানের অ্যাথলেট তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। খেলাধুলাকে শুধু সাময়িক বিনোদন কিংবা মাঠের অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না সরকার উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘নতুন প্রজন্মকে নিয়ে একটি সমৃদ্ধ ও পেশাদার ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’
তিনি আরও জানান, চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী ভাবনার আলোকে এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য ‘ক্রীড়া ভাতা’ চালুর মাধ্যমে খেলাধুলাকে রাষ্ট্রীয় ও পেশাগত স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়াও বেগবান করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক এবং অতিরিক্ত ডিভাইস-আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।