September 4, 2026, 5:32 pm

শিশুদের মাঠমুখী করতে গাজীপুরে ২০৮টি কেজি স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট Friday, September 4, 2026
  • 15 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শিশুদের খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক বিকাশের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০৮টি কেজি স্কুলে ফুটবল, জার্সি ও অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর তিস্তা গেট সংলগ্ন ইউনাইটেড মডেল একাডেমির হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ক্রীড়া সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পূর্ব থানার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সহধর্মিণী মেহনাজ সরকার শিল্পী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মানু, সাধারণ সম্পাদক রওনাক উদ্দিন এবং গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির টঙ্গী পূর্ব থানার সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ২০৮টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মেহনাজ সরকার শিল্পী বলেন, শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে।
তিনি আরও করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের খেলার সুযোগ সৃষ্টির লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরির ঘোষণা দিয়েছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের উদ্যোগে দ্রুতই এই ঘোষণা বাস্তবায়িত হবে।
বর্তমান সময়ে শিশুদের প্রযুক্তি আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনেক শিশু এখন মোবাইল ফোন ও প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে, যার ফলে তাদের স্বাভাবিক খেলাধুলা ও সামাজিক মেলামেশার সুযোগ কমে যাচ্ছে। শিশুদের এই প্রযুক্তিনির্ভরতা থেকে বের করে মাঠমুখী করতে বিদ্যালয়গুলোতে নিয়মিত খেলাধুলার আয়োজন এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী নিশ্চিত করা জরুরি।
তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং শিশুদের সর্বাঙ্গীন বিকাশে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে উপস্থিত বিভিন্ন কেজি স্কুলের প্রতিনিধিদের হাতে জার্সি, ফুটবলসহ নানা রকমের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর