September 17, 2026, 12:54 pm

ভূমি অফিসের হাজিরা নজরদারিতে আসছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

Reporter Name
  • আপডেট Thursday, September 17, 2026
  • 14 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপ। জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর এ অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি সরাসরি মনিটর করা যাবে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে ‘ভূমিদৃষ্টি’ চালু করা হচ্ছে।
এর মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক উপস্থিতি নিশ্চিত হওয়ার পাশাপাশি কর্মঘণ্টার সঠিক ব্যবহার ও ভূমি সেবায় গতিশীলতা বাড়বে বলে আশা করছে মন্ত্রণালয়। অ্যাপটিতে জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ফলে সংশ্লিষ্ট ভূমি অফিসের নির্ধারিত ভৌগোলিক সীমানার ভেতরে অবস্থান করলেই মোবাইল ফোনের মাধ্যমে হাজিরা বা ‘চেক-ইন’ দেওয়া যাবে। অফিসের সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।
হাজিরার তথ্য অ্যাপে দেওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে তা হালনাগাদ হবে। ফলে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমি অফিসের উপস্থিতির চিত্র দেখতে পারবেন। কেউ নির্ধারিত সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার চেষ্টা করলে বা ভুয়া লোকেশন ব্যবহার করলে ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা যাবে।
এছাড়া সরকারি কাজে বা তদন্তে অফিসের বাইরে গেলে ‘সাইট ভিজিট’ ফিচারের মাধ্যমে বাইরে থাকার কারণ উল্লেখ করা যাবে। অ্যাপের মাধ্যমে ছুটির আবেদন এবং ছুটির হিসাবও সংরক্ষণ করা যাবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম এই ছয় জেলায় অ্যাপটির পাইলট কার্যক্রম চলছে। এসব জেলার ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিকভাবে এর আওতায় আনা হয়েছে। পাইলট কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে অ্যাপটি সম্প্রসারণ করা হবে। অ্যাপটি চালুর কারিগরি সহযোগিতায় রয়েছে পারাল্যাক্সলজিক ইনফোটেক।
এর আগে গত ১৯ মে তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি সেবা মেলায়’ প্রধানমন্ত্রীকে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তদারকিতে প্রযুক্তিনির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালুর প্রস্তাব উপস্থাপন করেছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর