মোঃ আক্তার হোসেন ঢালি: মিথ্যা মামলায় ফাঁসানো, গ্রেপ্তার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক অপপ্রচার—সব মিলিয়ে গাজীপুরের তরুণ ঠিকাদার ব্যবসায়ী মোঃ রানা মিয়াকে ঘিরে ‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ অভিযোগ উঠেছে। ব্যবসায়িক ও সামাজিকভাবে তাঁকে কোণঠাসা করতেই একটি স্বার্থান্বেষী মহল এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে দাবি করেছেন রানা মিয়া। আজ বুধবার গাজীপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে রানা মিয়া বলেন, গত ১২ সেপ্টেম্বর তাঁকে একটি মামলায় গ্রেপ্তার করা হলেও মামলার এজাহারে বর্ণিত ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁকে সামাজিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রানা মিয়ার আরও অভিযোগ, একাধিক ভুয়া ও বেনামি ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পরিবারও নিরাপত্তাহীনতায় পড়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলন থেকে মামলাটির নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং ফেক আইডির মাধ্যমে অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। রানা মিয়ার অভিযোগের সত্যতা ও মামলার প্রকৃত বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।